টানা বৃষ্টিতে যশোরের কাঁচাবাজারে সবজির দামে আগুন, কাঁচা মরিচ ২০০ টাকা
সুমন ঘোষ
নিজস্ব প্রতিবেদক, যশোর: কয়েক দিনের টানা বৃষ্টিপাতের প্রভাবে যশোরের কাঁচাবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ সবজির দাম বেড়েছে। ফলে বাজারে ৫০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। আর কাঁচা মরিচের দাম উঠেছে প্রতি কেজি ২০০ থেকে ২৫০ টাকায়।
শুক্রবার (২৪ জুলাই) যশোর শহরের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি কচুর লতি ৫০ টাকা, বরবটি ৬০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, শসা ১২০ টাকা, কুমড়া ৫০-৬০ টাকা, কচু ৫০-৬০ টাকা, পটল ৫০-৬০ টাকা এবং প্রতি পিস লাউ ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, পুঁইশাকের প্রতি আঁটি ৪০ টাকা, লাল শাক ও সবুজ শাক ৩০ টাকা এবং শাকের ডাটা ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে কয়েকটি সবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ থেকে ২৫০ টাকা, টমেটো ১৩০ টাকা, করলা ১০০ টাকা, লম্বা বেগুন ১২০ টাকা, গোল বেগুন ১৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা এবং কাঁকরোল ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে আসা সরকারি চাকরিজীবী হাশেম আলী বলেন, “গত কয়েকদিন ধরেই সবজির দাম বেশি ছিল। আজ এসে দেখছি আরও বেড়েছে। বাজারে ৫০ টাকার নিচে কোনো সবজিই নেই। বৃষ্টির কারণে কিছুটা দাম বাড়তে পারে, কিন্তু এতটা বাড়া অস্বাভাবিক। বাজারে কার্যকর তদারকি না থাকায় বিক্রেতারা নিজেদের মতো দাম নিচ্ছেন।”
সবজি বিক্রেতা নাসিম বলেন, “টানা বৃষ্টিতে অনেক কৃষকের সবজিক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। পাইকারি বাজারে পর্যাপ্ত সবজি আসছে না। সরবরাহ কম থাকায় আমাদেরও বেশি দামে কিনতে হচ্ছে। তাই খুচরা বাজারেও দাম বেড়েছে।”
ব্যবসায়ীরা জানান, বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী কয়েকদিন সবজির বাজারে অস্থিরতা থাকতে পারে। তবে আবহাওয়া স্বাভাবিক হয়ে সরবরাহ বাড়লে দামও ধীরে ধীরে কমে আসবে বলে তাদের আশা।
এ জাতীয় আরো খবর..