গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে যশোরে আইনজীবীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
সুমন ঘোষ
যশোর প্রতিনিধি: গোপালগঞ্জে এক নারী শিক্ষানবিশ আইনজীবীকে বিচারকের দ্বারা শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত করার অভিযোগের প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে যশোর জেলা জজ আদালত প্রাঙ্গণে যশোর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে সমিতির নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক আইনজীবী অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিচার বিভাগের মর্যাদা ও আইনজীবীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। তারা অভিযুক্ত বিচারকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তারা।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম পান্নু, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মৌলুহদা পারভীন, সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট জুলফিকার আলী জুলু, অ্যাডভোকেট শামসুন নাহার কণা ও অ্যাডভোকেট ইমরান হোসেন। এ সময় জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..