. .
.

গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

সুমন ঘোষ 
নিজস্ব প্রতিবেদক, যশোর:

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ নিরসনের দাবিতে যশোরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য, যশোর জেলা।
বৃহস্পতিবার সকালে যশোর সিভিল কোর্ট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১০ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, দেশের সাধারণ মানুষ বর্তমানে গ্যাস ও বিদ্যুতের সংকট, অতিরিক্ত লোডশেডিং, অস্বাভাবিক বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে চরম দুর্ভোগে রয়েছে। নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের অভাবে শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে, ভুতুড়ে বিদ্যুৎ বিল ও মূল্যবৃদ্ধিতে সাধারণ গ্রাহকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। একই সঙ্গে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়েছে।
সংগঠনের উত্থাপিত ১০ দফা দাবির মধ্যে রয়েছে—দ্রুত গ্যাস সংকট ও লোডশেডিং নিরসন করে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুতের অতিরিক্ত মূল্যবৃদ্ধি প্রত্যাহার, আদায়কৃত ভুতুড়ে বিদ্যুৎ বিল ফেরত বা সমন্বয়, চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ও অসাধু মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করে জবাবদিহিতা নিশ্চিত করা।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ বলেন, জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--