দ্রুত সংস্কারে বদলাবে যশোর পৌরসভার বেহাল সড়ক : প্রতিমন্ত্রী অমিত
সুমন ঘোষ যশোর
যশোর পৌরসভার দীর্ঘদিনের জরাজীর্ণ ও চলাচল অনুপযোগী সড়কগুলো দ্রুত সংস্কারের মাধ্যমে নাগরিক দুর্ভোগ কমানোর আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, পর্যায়ক্রমে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার করে আধুনিক ও টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে।
শুক্রবার (১ মে) যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ভোলা ট্যাংক রোড থেকে এম এম আলী রোড (গুরুদাস বাবু লেন) পর্যন্ত আরসিসি ঢালাই সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “যশোর পৌরসভা দেশের অন্যতম পুরাতন পৌরসভা হলেও এখানকার অনেক সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। নাগরিকদের দুর্ভোগ কমাতে আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি। খুব দ্রুত সময়ের মধ্যেই পর্যায়ক্রমে এসব সড়ক সংস্কার করা হবে।”
তিনি আরও বলেন, আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে পৌর এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। “গত বর্ষা মৌসুমের তুলনায় এবার পৌরবাসীর অন্তত ৫০ শতাংশ দুর্ভোগ কমে আসবে বলে আমরা আশা করছি। আমাদের চলমান উন্নয়ন কার্যক্রম সফল হলে যশোরবাসী অনেক স্বস্তি পাবে, ইনশাআল্লাহ,” যোগ করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দ সাবেরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, সৈয়দ রফিকুল ইসলাম, রফিকুল হাসান এবং আনিছুর রহমান মুকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ জানান, ৩৫৫ মিটার দীর্ঘ ও ৬ মিটার প্রশস্ত সড়কটির নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৭০ লাখ টাকা। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যেই কাজ সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।
এ জাতীয় আরো খবর..